ফাইল ছবি : রয়টার্স
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর স্বপ্ন আবারও বিষাদে পরিণত হলো। লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিকটবর্তী উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের একটি সমুদ্রসৈকতে অন্তত সাতজন অভিবাসন প্রত্যাশীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর নিশ্চিত করেছে। লিবিয়ার উপকূলে বারবার ঘটে যাওয়া ট্র্যাজেডির তালিকায় যুক্ত হলো এই নতুন ঘটনা।
কাসর আল-আখিয়ার পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সাগরের ঢেউয়ে ভেসে এই মরদেহগুলো তীরে এসে পৌঁছায়। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে, যা এই দুর্ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, সমুদ্র বর্তমানে অত্যন্ত উত্তাল থাকায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন বা এই নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই মৃত্যুর প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের পরিচয় শনাক্তে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
লিবিয়া দীর্ঘদিন ধরে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য ইউরোপে প্রবেশের প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভৌগোলিকভাবে ইউরোপের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি অবস্থান এবং বিস্তীর্ণ ভূমধ্যসাগরীয় উপকূলরেখা থাকায় দালালেরা ছোট ও নড়বড়ে নৌকায় করে অভিবাসীদের উত্তাল সমুদ্রে ঠেলে দেয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার সতর্কতা সত্ত্বেও উন্নত জীবনের আশায় এই বিপজ্জনক পথ বেছে নিতে গিয়ে প্রতি বছরই অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে।

আন্তর্জাতিক ডেস্ক 













