ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন পর রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের ১০ তলা পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক রহস্যময় ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের পর সাত–আটজনের একটি ছোট দল বঙ্গবন্ধু এভিনিউয়ের (বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ) ওই বিধ্বস্ত ভবনের সামনে এসে জাতীয় পতাকা উত্তোলন করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ব্যক্তিরা পতাকাকে সম্মান জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন (সালাম) করেন। পরে তারা পতাকাটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে দ্রুত প্রস্থান করেন।
ঘটনাস্থলের পাশের ফুটপাতের কাপড় ব্যবসায়ী সলিমউল্লাহ ব্যাপারী জানান, লোকগুলো দেখতে সাধারণ খেটে খাওয়া মানুষের মতো ছিল– যাদের মধ্যে কেউ রিকশাচালক, কেউ হকার বা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের আকস্মিক এই কর্মকাণ্ড দেখে পথচারীরা থমকে দাঁড়ালেও খুব দ্রুতই তারা সেখান থেকে সরে পড়েন। তবে কিছুক্ষণ পর সেখানে গিয়ে আর জাতীয় পতাকাটি দেখা যায়নি। উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ তলা এই ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দীর্ঘ দেড় বছর ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এর দেয়ালে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা একটি ব্যানার ঝুলছে।
বিগত এক বছরে বিভিন্ন সময়ে ‘ছাত্র’ পরিচয়ধারী পক্ষ বা ভবঘুরেদের নিয়ন্ত্রণে থাকা এই ভবনটি নিয়ে ছিল নানা আলোচনা। এক সময় এই ভবনটি ছিন্নমূল ও নেশাগ্রস্ত মানুষের আড্ডাস্থলে পরিণত হলেও গত বৃহস্পতিবারের নির্বাচনের আগে থেকে ভবঘুরেদের আনাগোনা কমে গেছে। এমনকি ‘গবেষণা ইনস্টিটিউট’ দাবি করা তথাকথিত ছাত্রদেরও এখন আর সেখানে দেখা যায় না। আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডি ও তেজগাঁও কার্যালয়ের মতো ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের এই আধুনিক ভবনটিও এখন ধ্বংসস্তূপ ও ময়লা–আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।
ঐতিহাসিকভাবে ১৯৮১ সাল থেকে এই ঠিকানাটি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল। ২০১৮ সালে নতুন ১০ তলা ভবনটির কাজ শেষ হলেও বর্তমানে এটি সম্পূর্ণ জনমানবশূন্য। তবে নির্বাচনের পর হঠাৎ করে জাতীয় পতাকা উড়িয়ে সালাম জানানোর এই ঝটিকা কর্মসূচি নিয়ে গোয়েন্দা ও রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে। এটি কি কোনো গোপন সংকেত নাকি বিচ্ছিন্ন আবেগপ্রসূত ঘটনা, তা নিয়ে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে নানা গুঞ্জন চলছে।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 














