ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাতের মধ্যে গোপালগঞ্জ পৌর এলাকা এবং টুঙ্গিপাড়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর এলাকার রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে নিলার মাঠ শহীদ মাহাবুব কেন্দ্র এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক বিস্ফোরণে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে। উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায়ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করে ভোটদান ব্যাহত করার লক্ষ্যেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তাদের শনাক্ত করতে কাজ করছে গোয়েন্দা বিভাগ।” নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ভোটের আগের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণ ভোটাররা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে প্রশাসন আশ্বস্ত করেছে যে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ বজায় রাখতে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। নাশকতার এই ঘটনার পর কেন্দ্রগুলোর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ 














