গোপালগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, বিএনপি কখনো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিলানী স্পষ্ট করে বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, যেখানে সমালোচনা থাকবে এবং অনেক পথ ও মতের মানুষ থাকবে। বিরাজনীতিকরণের রাজনীতি বিএনপি কখনো করেনি এবং করবেও না।”
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি টেনে এস এম জিলানী বলেন, “আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগ দেয়নি। এ কারণে আমাদের অনেক সমালোচনা শুনতে হয়েছে, এমনকি ‘দালাল’ অপবাদও সইতে হয়েছে। কিন্তু বিএনপি তার নীতিতে অটল ছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার তাদের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।” তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে এই আসন থেকে নির্বাচন করলেও তখন ভোটারদের কাছে যাওয়ার পরিবেশ ছিল না, যা এখন ছাত্র–জনতার বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছে।
জনগণের সেবক হওয়ার অঙ্গীকার করে এস এম জিলানী ভোটারদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের ওপর খবরদারি করা নেতা বা এমপি হতে চাই না, আমি হতে চাই আপনাদের সেবক। দীর্ঘ সময় পর আপনারা ভোটের অধিকার ফিরে পেয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিন।” তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে আলোচনার ভিত্তিতে মাদক নির্মূল, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নারী ক্ষমতায়নে কাজ করবেন।
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়েয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা গোপালগঞ্জের এই গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মেহেদী খান, নিজস্ব প্রতিবেদক, কোটালীপাড়া 














