জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছেন যে, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে সকল অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। আমরা অঙ্গীকার করছি, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের পাশাপাশি শাপলা চত্বর ও বিডিআর গণহত্যার বিচারও এ দেশের মাটিতেই সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।”
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ তাঁর বক্তব্যে জোটের নির্বাচনি ইশতেহারের বিশেষ দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, সশস্ত্র বাহিনীর আদলে বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মকেও বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে, যাতে দেশ রক্ষায় একটি শক্তিশালী যুব সমাজ গড়ে তোলা যায়।
নির্বাচনকালীন অর্থিক লেনদেন নিয়ে ভোটারদের সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ নগদ টাকা ছড়ানো হচ্ছে। এই টাকার বিনিময়ে আপনারা যদি আজ বিক্রি হন, তবে আগামীতে আপনাদের স্বামী ও সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত হবে।” প্রতিপক্ষ রাজনৈতিক দলের কড়া সমালোচনা করে তিনি বলেন, কিছু দল কৃষকদের ঋণ মওকুফ ও কার্ড দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, কিন্তু এই ধরনের সস্তা প্রতিশ্রুতিতে পা দেওয়া যাবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইলবাসীকে ‘হ্যাঁ’ ভোট (গণভোট) এবং জোটের প্রার্থীকে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল এবং টাঙ্গাইল-৩ আসনের মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারসহ জোটের স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
















