বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় কর্মজীবী ও সাধারণ নারী যাত্রীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে ডেডিকেটেড ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পূর্ণাঙ্গভাবে নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাস সেবাটি আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে সড়কে নামছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসি এই আধুনিক ও যাত্রীবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাসগুলোকে দৃষ্টিনন্দন গোলাপি (পিংক) রঙে সাজানো হয়েছে, যাতে নারী যাত্রীরা দূর থেকেই গাড়িগুলো সহজে শনাক্ত করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
প্রতিদিন কর্মক্ষেত্রে যাতায়াতের সময় গণপরিবহনে নারী যাত্রীদের যেসব ভোগান্তি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়, তা নিরসনে এই ‘পিংক বাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিআরটিসি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে রাজধানীর কয়েকটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুটে এই বাসগুলো যাতায়াত করবে এবং পর্যায়ক্রমে বাসের সংখ্যা ও রুটের পরিধি আরও বাড়ানো হবে।














