সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা হত্যাসহ ১০টি মামলায় জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর ফলে দীর্ঘ এক বছর পর কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জের এই জনপ্রিয় নেত্রী।
আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। তিনি জানান, উচ্চ আদালত আগেই আইভীকে জামিন দিয়েছিলেন, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। আজ সেই আবেদন খারিজ হওয়ায় সাবেক মেয়রের জামিন চূড়ান্তভাবে বহাল থাকল। এখন দাপ্তরিক প্রক্রিয়া শেষে তিনি যেকোনো সময় কারামুক্ত হতে পারবেন।
গ্রেপ্তার ও আইনি লড়াইয়ের প্রেক্ষাপট ২০২৫ সালের ৯ মে ভোরের আলো ফোটার আগেই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার পৈতৃক নিবাস ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় প্রথম দফায় ৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও পরবর্তীতে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন। এরপর গত ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এসব মামলায় তাকে জামিন দেন, যা আজ আপিল বিভাগেও বহাল থাকল।
পৌরসভা থেকে সিটি করপোরেশনের বর্ণাঢ্য ক্যারিয়ার সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়েন।
পরবর্তীতে তিনি টানা তিনবার নাসিকের মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের উন্নয়নে তার ভূমিকার কথা শহরবাসী সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। প্রিয় নেত্রীর কারামুক্তির খবরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

অনলাইন ডেস্ক 













