এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দ্রুততম সময়ে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এই প্রক্রিয়া সফল করতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে এমপিও বিল সাবমিট করার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশি থেকে পাঠানো এক জরুরি চিঠিতে এই আদেশ প্রদান করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে তাদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করতে হবে। সেখানে প্রতিটি শিক্ষক-কর্মচারীর বিধি মোতাবেক প্রাপ্য টাকার সঠিক হিসাব নির্ধারণ করে অনলাইনে বিল সাবমিট করতে হবে।
যদি কোনো প্রতিষ্ঠান প্রধান ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রদান করেন কিংবা সময়মতো বিল সাবমিট না করেন, তবে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে যাবে না। এ ধরনের যেকোনো পরিস্থিতির জন্য প্রতিষ্ঠান প্রধানই এককভাবে দায়ী থাকবেন।
মাউশি আরও জানিয়েছে, বিলে কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত কিংবা অনুমোদনহীন অনুপস্থিতির তথ্য থাকলে তা বিধি অনুযায়ী উল্লেখ করতে হবে। বিল সাবমিট করার পর তার একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজ করবে।
বর্তমানে শুধুমাত্র আইবাস++ (iBAS++) সিস্টেমে ভ্যালিড বা সঠিক তথ্য থাকা শিক্ষক-কর্মচারীদের বিল সাবমিট করা যাচ্ছে। যাদের তথ্য এখনো ভুল আছে, তাদের তথ্য যাচাই শেষে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।

অনলাইন ডেস্ক 

























