দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে প্রকাশিত এই ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে এবারের পরীক্ষায় ১০ লাখ ৮০ হাজারেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়সূচি শীঘ্রই খুদে বার্তার (SMS) মাধ্যমে জানানো হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, পরীক্ষা অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব এবং ‘ডিভাইস পার্টি’র সক্রিয়তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে গাইবান্ধা, নওগাঁ, দিনাজপুর ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। অনিয়মের অভিযোগে একদল প্রার্থী পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে। অধিদপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং জালিয়াতিতে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, তাই পরীক্ষা বাতিলের কোনো অবকাশ নেই।















