সংগৃহীত ছবি
নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা গ্রামের উসমান গনির ছেলে রিদয় হাসান মাসুম (২০) এবং পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, আটক রিদয় ও মোস্তফার বিরুদ্ধে এর আগেও দুর্গাপুর ও কলমাকান্দা থানায় মোট ছয়টি মাদক মামলা রয়েছে। তারা এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিজস্ব প্রতিবেদক 














