এক বছরের শাসনকালে কঠোর অভিবাসন নীতি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির পর এবার নিজেকে সরাসরি ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমি স্বৈরশাসক। কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি সামাল দিতে একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়।”
দাভোসে বিশ্বনেতা ও অর্থনৈতিক প্রধানদের সামনে দেওয়া তাঁর ভাষণের প্রশংসা শুনে ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি রসিকতা করে বলেন যে সাধারণত তাকে ‘ভয়ংকর স্বৈরাচারী’ বলা হলেও এবার সবাই তাঁর বক্তব্যের প্রশংসা করছে। অবশ্য নিজেকে একনায়ক বলা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়; ২০২৪ সালের নির্বাচনের আগেও তিনি বলেছিলেন যে তিনি কেবল ক্ষমতার প্রথম দিনের জন্য একনায়ক হবেন। গত বছরের আগস্টেও তিনি দাবি করেছিলেন, অনেক আমেরিকান একজন স্বৈরশাসককে পছন্দ করতে পারে।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব নিয়ে বিশ্ব রাজনীতি টালমাটাল। ইউরোপীয় মিত্রদের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ এবং ন্যাটোর সমালোচনা করে তিনি ক্রমাগত চাপের মুখে রয়েছেন। তবে বৃহস্পতিবার তিনি কিছুটা নমনীয় হয়ে জানিয়েছেন যে গ্রিনল্যান্ড নিয়ে সামরিক শক্তি প্রয়োগের ইচ্ছা তাঁর নেই এবং তিনি একটি ‘ফ্রেমওয়ার্ক ডিল’ বা চুক্তির কাঠামোর দিকে এগোচ্ছেন। ট্রাম্পের এই আকস্মিক নমনীয়তা আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অনিশ্চয়তা এখনো কাটেনি।















