ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবরে একটি ব্যাগ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর কেটে ফেলা মাথা, দুই হাত ও শরীরের বিভিন্ন অংশ পাওয়া গেলেও পা দুটি এখনো পাওয়া যায়নি। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন হাক্কারপাড় এলাকার একটি ময়লাযুক্ত খালের পাড়ে পড়ে থাকা পরিত্যাক্ত ব্যাগ থেকে এই খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খালপাড়ের নির্জন জায়গায় একটি স্কুলব্যাগ জাতীয় ব্যাগ পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। কৌতূহলবশত কয়েকজন স্থানীয় বাসিন্দা ব্যাগটি ধরে টান দিলে তা থেকে হঠাৎ একটি হাত বেরিয়ে আসে এবং পরপরই একটি কাটা মাথা গড়িয়ে পড়ে। এমন বিভীষিকাময় দৃশ্য দেখে উপস্থিত জনতা আদাবর থানা পুলিশকে খবর দেয়।
তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুলব্যাগের ভেতর থেকে খণ্ডিত মাথা, দুটি হাত ও শরীরের অন্যান্য অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে খণ্ডিত দুই পায়ের সন্ধান মেলেনি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা বা অন্য কোনো অপরাধের কারণে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে খণ্ড-বিখণ্ড করে ব্যাগে ভরে খালের পাড়ে ফেলে যায়। নিহতের পরিচয় নিশ্চিত করা এবং ঘাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।














