দীর্ঘ প্রায় ১৯ বছরের বিরতি কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই হবে তার নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় প্রথম আনুষ্ঠানিক সফর। সফরের প্রথম পর্বে তিনি রাজশাহীতে আয়োজিত বিশাল সমাবেশে যোগ দেবেন এবং এরপর নওগাঁয় একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। উত্তরবঙ্গের এই সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষে তারেক রহমান তাঁর নিজ এলাকা বগুড়ায় পৌঁছাবেন। সেখানে তিনি বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেবেন। এছাড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। সর্বশেষ ২০০৬ সালে তিনি বগুড়ায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। প্রায় দেড় যুগ পর প্রিয় নেতার আগমনকে ঘিরে বগুড়া শহরকে সাজানো হচ্ছে নতুন সাজে।
তারেক রহমানের এই সফর সফল করতে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। গত রোববার জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবর রহমানসহ শীর্ষ নেতারা আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন। উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি তাঁর বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। নির্বাসন থেকে ফেরার পর উত্তরাঞ্চলের এই সফরকে বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য একটি বড় ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।















