গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। আজ বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করেন। রায়ে ৫ জন আসামিকে মৃত্যুদণ্ড, ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলীমুজ্জামান বিটু এবং প্রিন্স খাঁ। মামলার মোট ২৩ জন আসামির মধ্যে ১১ জনকে যাবজ্জীবন দেওয়া হলেও একজন বিচার চলাকালে মারা গেছেন এবং বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার গোপালগঞ্জের শিশু আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। রায় ঘোষণাকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা উপস্থিত ছিলেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে বাসায় ফেরার পথে বাসুকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ১০ বছরের আইনি প্রক্রিয়া ও ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হলো। বাদীপক্ষের আইনজীবী এস এম শরীফুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে আশা ব্যক্ত করেছেন যে, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।
















