নির্বাচনের আমেজ ও উত্তেজনার মাঝে নেতাকর্মীদের শান্ত থাকার এবং উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক বিশাল গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, “বিজয় আমাদের ইনশাআল্লাহ। তাই আগামী কয়েক দিন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হবে। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে বিবাদ চায় না, বরং দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চায়।”
বিগত ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কাজ করতে হবে। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি সব সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচনে বিশ্বাসী, তাই আমাদের নেতাকর্মীরা নীরব ও শান্ত ভূমিকা পালন করছে।”
বক্তব্যের এক পর্যায়ে নতুন প্রজন্মের প্রতি বিশেষ উপদেশ দেন এই বর্ষীয়ান নেতা। সাম্প্রতিক রাজনৈতিক শিষ্টাচার প্রসঙ্গে শেখ সাদীর বিখ্যাত কবিতার পঙক্তি ‘বে-আদব বে-নসিব, বা-আদব বা-নসিব’ (অসভ্য যে জন সে ভাগ্যহীন, আর আদব যার আছে সে ভাগ্যবান) স্মরণ করিয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন, “আজকের প্রজন্মকেও শ্রদ্ধা এবং আদব শিখতে হবে। আমার সন্তানতুল্য যারা আজ আমার সঙ্গে কথা বলেন, আমি তাদের উদ্দেশেই এই উপদেশটুকু দিলাম।” তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, তারা বিএনপিকে অপদস্ত করে জনগণকে উপেক্ষিত রাখতে চায়।
সমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল ব্রাদার্স ক্লাব মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-৮ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ধানের শীষের পক্ষে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক।















