ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গারদের ভেতর আটক থাকা যুবলীগ নেতা আজমেরী ওসমানের অনুগত নেতাকর্মীদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, থানার গারদের ভেতর অবস্থানরত কয়েকজন যুবলীগ কর্মী নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের পক্ষে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।
একপর্যায়ে তাঁরা গারদের ভেতর থেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও প্রদান করেন। তবে পুলিশের কঠোর নজরদারির মধ্যে লকআপের ভেতরে কীভাবে এই ভিডিও ধারণ করা হলো এবং কার মাধ্যমে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেল, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফতুল্লা থানার সার্বিক নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মারফত জানতে পেরেছেন। কখন এবং কীভাবে গারদের ভেতরে ভিডিওটি ধারণ করা সম্ভব হলো, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অপরাধীকে শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে থানার সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এই ১০ জনকে আটক করে ফতুল্লা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আবরার আহম্মেদ, ইয়াসিন, রাব্বি, শিমুল, ফেরদৌস, পলক, আবু বকর, তানভীর, লিমন ও নয়ন। তাঁদের সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভূঁইগড় ও সাইনবোর্ড এলাকায় একাধিক পুলিশ দল অবস্থান নিয়ে মধ্যরাতে অভিযান চালায়। পুলিশের ধাওয়ায় অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে এই ১০ জনকে আটক করা হয় এবং পরবর্তীকালে রোববার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়।














