সংগৃহীত ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারিভাবে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা উন্নত জাতের ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় এক জামায়াত নেতার পরিচালিত একটি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে এসব কৃষি প্রণোদনার বীজ জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসব বীজ উদ্ধার করেন।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম শামসুল ইসলাম হেলালী। তিনি চরম্বা ইউনিয়ন জামায়াতের আমিরের দায়িত্বে রয়েছেন এবং একই সাথে ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে কর্মরত আছেন।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে লোহাগাড়া উপজেলা কৃষি অফিস থেকে চরম্বা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে ফ্রিতে বিতরণের জন্য এই বীজগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। উপজেলা সদর থেকে চরম্বা ইউনিয়নটি তুলনামূলক দূরবর্তী হওয়ায় দুই জন কৃষক প্রতিনিধির মাধ্যমে ১৫ দিন আগেই বীজগুলো কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তা বিতরণ না করে জামায়াত নেতার মাদ্রাসায় এনে মজুত রাখা হয়।
বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ আকস্মিকভাবে ওই মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় সুপারের কার্যালয়ের পাশের একটি কক্ষ তালাবদ্ধ দেখে তাঁর সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তিনি কক্ষটি খোলার নির্দেশ দিলে ভেতরে সরকারি সিলমোহরযুক্ত ১৩ বস্তা ধানের বীজ দেখতে পান। পরে উদ্ধারকৃত বীজগুলো অনতিবিলম্বে স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলার ইউএনও বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধারকৃত বীজ ধানগুলো ইতোমধ্যেই কৃষকদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। সরকারি বীজ কীভাবে কৃষকদের না দিয়ে জামায়াত নেতার প্রতিষ্ঠানে এনে গোপন করে রাখা হলো—তা খতিয়ে দেখা হচ্ছে। উক্ত ঘটনার জেরে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে নিজের সাফাই গেয়ে অভিযুক্ত জামায়াত নেতা ও ভারপ্রাপ্ত সুপার শামসুল ইসলাম হেলালী দাবি করেন, কৃষকদের জন্য মোট ১৭ বস্তা বীজ তাদের প্রদান করা হয়েছিল। এর মধ্যে চার বস্তা ইতিপূর্বে বিতরণ করা হয়েছে। কাজের ব্যস্ততার কারণে অবশিষ্ট বীজগুলো মাদ্রাসার কক্ষে সাময়িকভাবে রাখা হয়েছিল, যা পরে বিতরণ করার পরিকল্পনা ছিল।














