ছবি : ভিডিও থেকে নেওয়া
নীলফামারীর ডিমলা উপজেলায় গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে নির্মিত একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে চরম বিপত্তির মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তাঁর সঙ্গী নেতাকর্মীরা। পরিদর্শনের সময় ধারণক্ষমতার অতিরিক্ত লোক উঠায় সাঁকোটির পেছনের অংশ ভেঙে নদীতে পড়ে যান জামায়াত ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মী। তবে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার।
বুধবার (১২ আগস্ট) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত সাঁকোটিতে এই দুর্ঘটনাকবলিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হলেও কারোর আঘাতই গুরুতর নয় বলে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নাটাবাড়ী এলাকায় দীর্ঘ দিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় দুই পারের হাজার হাজার মানুষকে চরম পারাপারের ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনদূর্ভোগ লাঘবে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে সম্প্রতি একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে ওই সাঁকোটির বর্তমান অবস্থা দেখতে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার তাঁর দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিদর্শনে যান। কিন্তু একসঙ্গে অতিরিক্ত মানুষ সাঁকোতে উঠে পড়ায় এর পেছনের অংশটি হঠাৎ মচকে ভেঙে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার জানান, “এলাকাবাসী নিজ খরচে সাঁকোটি তৈরি করেছিল। আমরা সেটি দেখতে গেলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় পেছনের অংশ ভেঙে পড়ে। বেশ কয়েকজন নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন এবং জামাকাপড় ছিঁড়ে গেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছেন।”
এ সময় স্থানীয় বাসিন্দারা নাউতারা নদীতে দ্রুত একটি স্থায়ী ও মজবুত সেতু নির্মাণের দাবি জানান। সংসদ সদস্য তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আশ্বাস দেন যে, জনগণের দুর্ভোগ স্থায়ীভাবে লাঘব করতে সরকারি অর্থায়নে দ্রুত একটি আধুনিক সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।














