প্রতীকী ছবি
চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক বা একাধিক নিম্নচাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন ঘন বজ্রপাত, তীব্র তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বলে সংস্থার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, চলতি জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা। এর প্রভাবে মাসজুড়ে প্রায় ৮ থেকে ৯ দিন বজ্রঝড় ও বজ্রপাতসহ আবহাওয়ার চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এমনকি জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশের কিছু কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলবায়ুর এই পরিবর্তনের ফলে দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩.৭৫ থেকে ৫.৭৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
এদিকে, মাসজুড়ে মৌসুমী বায়ুর সক্রিয়তায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে। নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় জেলাগুলোতে স্বল্পমেয়াদি ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অধিদপ্তর যৌথ সতর্কবার্তা জারি করেছে।














