ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। রহস্যময় এবং তীব্র ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা সমীকরণ ও ব্যাখ্যার জন্ম দিয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই চাঞ্চল্যকর পোস্টটি দেন তিনি।
উমামা তাঁর পোস্টে লেখেন, ‘‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’’ এরপর খানিকটা উপহাসের সুরে তিনি আরও যোগ করেন, ‘‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’’ পোস্টের শেষদিকে পাঠকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, ‘‘কেমন লাগল আইডিয়াটা?’’
পোস্টটিতে উমামা ঠিক কাকে বা কোন গোষ্ঠীকে লক্ষ্য করে এমন তীক্ষ্ণ মন্তব্য করেছেন কিংবা এর পেছনের প্রকৃত প্রেক্ষাপট কী, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে তাঁর এই মন্তব্যের পর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় উঠেছে। সচেতন মহলের একাংশ এটিকে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা এবং জুলাই বিপ্লবের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতার প্রতি একধরণের জুতসই ব্যঙ্গ (স্যাটায়ার) হিসেবে দেখছেন।
আবার অনেকে এর অন্তর্নিহিত বার্তা নিয়ে রাজনৈতিক সমীকরণের চুলচেরা বিশ্লেষণ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি ও আলোচনা অব্যাহত রয়েছে।















