ছবি : কালের কণ্ঠ
চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের ভিডিওকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিষিদ্ধ সংগঠনটির এমন ভিডিও প্রকাশ্যে আসাকে উস্কানিমূলক হিসেবে দেখছেন স্থানীয় মাঠপর্যায়ের রাজনৈতিক কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে আজ বিকেলে চাতরী চৌমুহনী বাজারে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। উক্ত মিছিলে আনোয়ারা ও কর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের অনুসারী ও সমর্থক বিপুল সংখ্যক নেতাকর্মীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতারা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত ও স্বৈরাচারের দোসর সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের তৎপরতা বা তাদের মিছিলের ভিডিও ছড়িয়ে দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সহ্য করা হবে না।” তারা এই ঘটনার পেছনে উস্কানিদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনগত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি চাতরী চৌমুহনী বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাজারের এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজার ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।

অনলাইন ডেস্ক 














