সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।
আজ সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ প্রদান করেন। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী এবং তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. লিটন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আইনজীবী লিটন আহমেদ জানান, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট সাতটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গত ৩ মে হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিতের আবেদন করলে তা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আসে। আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি বহাল রাখায় এই নির্দিষ্ট মামলায় সুমনের আইনি বিজয় নিশ্চিত হলো।
তবে এই একটি মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ব্যারিস্টার সুমন। তাঁর আইনজীবী জানিয়েছেন, বাকি ছয়টি মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তিনি কারামুক্ত হতে পারছেন না। এর মধ্যে তিনটি হত্যা এবং তিনটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। ইতিমধ্যে চারটি মামলায় হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেছেন এবং বাকি দুটি মামলায় জামিন আবেদনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য। চব্বিশের গণ-আন্দোলনের সময় গুলি করার অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর যুবদল নেতা হৃদয় মিয়া মিরপুর থানায় মামলাটি করেছিলেন। সেই মামলায় ২২ অক্টোবর ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে আলোচিত এই আইনি লড়াইয়ের দিকে এখন নজর সবার।

নিজস্ব প্রতিবেদক 















