সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়ের করা এসব মামলায় রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, আইনজীবী রেহান হুসাইন ও জ্যেতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। শুনানি শেষে আদালত নূরের জামিন মঞ্জুর করায় তাঁর কারামুক্তির পথে বড় একটি আইনি বাধা দূর হলো।
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের জানান, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে বর্তমানে মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে জ্যেষ্ঠ এই আইনজীবী নিজে এ পর্যন্ত চারটি মামলায় তাঁর জামিন করিয়েছেন। বাকি মামলাগুলোর আইনি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মিরপুর থানায় কিশোর সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সেই থেকে তিনি টানা কারাভোগ করছেন। দেশের অন্যতম জনপ্রিয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের জামিনের খবরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতে জামিন পেলে অচিরেই তিনি মুক্তি পেতে পারেন।

অনলাইন ডেস্ক 















