সংগৃহীত ছবি
ফরিদপুরের সালথায় অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রল ক্রয় ও মজুদের দায়ে মো. জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই যুবকের কাছ থেকে ১৯৩ লিটার অবৈধ পেট্রল জব্দ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত জুবায়ের হোসেন বুধবার সকালে ফরিদপুর সদরের ইব্রাহিম ফিলিং স্টেশন থেকে প্রতি লিটার ১৫০ টাকা দরে ১৯৩ লিটার পেট্রল ক্রয় করেন। নিয়মবহির্ভূতভাবে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল একটি ইজি বাইকে করে তিনি সালথার দিকে নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন বালিয়া গট্টি বাজার এলাকায় অবস্থান নেয়। ইজি বাইকটি সেখানে পৌঁছালে সেটিকে গতিরোধ করে তল্লাশি চালিয়ে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন। এ সময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানসহ পুলিশের একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন।
ইউএনও মো. দবির উদ্দিন জানান, অবৈধভাবে পেট্রল মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি অত্যন্ত অগ্নিঝুঁকিপূর্ণ। অভিযুক্ত যুবক যথাযথ অনুমতি বা লাইসেন্স ছাড়াই বাণিজ্যিক উদ্দেশ্যে এই তেল পরিবহন ও মজুদের চেষ্টা করছিলেন।
অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পেট্রল পার্শ্ববর্তী অনুমোদিত মেসার্স মনোয়ারা পেট্রল পাম্পে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক 






















