বরিশালের চরমোনাইয়ের বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে যাত্রী নামিয়ে রাখা ‘মানিক-০৪’ নামক একটি রিজার্ভ লঞ্চ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীর ঘাটে হঠাৎ কাত হয়ে এটি ডুবে যায়। তবে ঘটনার সময় লঞ্চটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মুন্সিগঞ্জ থেকে কয়েকশ’ মুসল্লি নিয়ে লঞ্চটি চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোরে গন্তব্যে পৌঁছানোর পর সব যাত্রী নিরাপদে নেমে যান। এরপর লঞ্চটি ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। দুপুরের দিকে নদীতে ভাটার টান শুরু হলে পানি দ্রুত নামতে থাকে। এসময় লঞ্চটির পেছনের অংশ নদীর তলদেশের মাটির সঙ্গে আটকে যায়। পানির স্তর আরও নিচে নেমে গেলে ভারসাম্য রক্ষা করতে না পেরে বিশাল আকৃতির লঞ্চটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে তলিয়ে যায়।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ সংবাদমাধ্যমকে জানান, “লঞ্চটি যাত্রী নামানোর পর সম্পূর্ণ খালি অবস্থায় ঘাটে বাঁধা ছিল। মূলত ভাটার কারণে পানি অস্বাভাবিক কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে কোনো মানুষ হতাহত হননি।”
প্রত্যক্ষদর্শীদের দাবি, লঞ্চটি ঘাটে যথেষ্ট শক্তভাবে বা সঠিক কারিগরি পদ্ধতিতে বেঁধে রাখা হয়নি। ফলে পানির স্তর কমার সঙ্গে সঙ্গে এটি নিয়ন্ত্রণ হারায়। লঞ্চটি ডুবে যাওয়ায় এর ভেতরে থাকা মুসল্লিদের কিছু ব্যক্তিগত মালামাল ও সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে লঞ্চটি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে। মাহফিল এলাকায় আগত হাজার হাজার মুসল্লিদের মধ্যে এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
















