আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফের প্রথম জানাজা সম্পন্ন। ছবি : সংগৃহীত
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) জোহর নামাজের পর বগুড়া শহরের শাহ সুলতান কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে লতিফপুরে তাকে দাফন করা হয়।
বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে বুধবার (৪ মার্চ) ইফতারের আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে বৃহস্পতিবার সকালে তারেক রহমানের পৈতৃক নিবাস সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আব্দুল লতিফের মৃত্যুতে আমজনতার দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বগুড়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
বাবার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান। তিনি বলেন, “রাজনৈতিক ব্যস্ততার কারণে পরিবারের প্রতি সবসময় হক আদায় করতে পারিনি, কিন্তু বাবা সবসময় আমাকে নিয়ে চিন্তিত থাকতেন।
শৈশবে আমাকে কাঁধে তুলে নিতেন যেন আমি দূর পর্যন্ত দেখতে পাই।” বাবার রাজনৈতিক সুপরামর্শের কথা স্মরণ করে তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
















