ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার বড় চাল চালল যুক্তরাজ্য। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে সবুজ সংকেত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তবে স্টারমার স্পষ্ট করেছেন যে, যুক্তরাজ্য এই যুদ্ধে সরাসরি বা ‘প্রত্যক্ষ‘ অংশ নেবে না; বরং তাদের ভূমিকা হবে কেবল আত্মরক্ষামূলক ও কৌশলগত।
ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলো তাদের সুরক্ষায় ব্রিটেনকে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, “আমাদের রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে সক্রিয় রয়েছে এবং তারা ইতিমধ্যেই ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ও মিসাইল সফলভাবে রুখে দিয়েছে।” তবে তিনি জোর দিয়ে বলেন, কেবল আকাশপথে ক্ষেপণাস্ত্র ঠেকানোই যথেষ্ট নয়। দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলোর উৎসস্থল অর্থাৎ ইরানের ভেতরে থাকা গুদাম বা লঞ্চারগুলো ধ্বংস করা জরুরি।
স্টারমার আরও জানান, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষা স্বার্থে ব্রিটেনের মালিকানাধীন সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি চেয়েছিল, যা লন্ডন অনুমোদন করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, ইরানের বেপরোয়া হামলা থেকে নিরীহ মানুষ এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষা করতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ব্রিটেনের এই ঘাঁটি ব্যবহারের অনুমতি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে মার্কিন বাহিনীকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে, যা তেহরানের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দেবে।

আন্তর্জাতিক ডেস্ক 













