সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ রোববার (১ মার্চ) ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তেহরান আনুষ্ঠানিকভাবে খামেনির শাহাদাৎ বরণের তথ্য স্বীকার করার পরপরই এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মানবতার শত্রু ও জল্লাদদের এই হীন কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে আমাদের নেতার শাহাদাৎ বরণ প্রমাণ করে যে, তাঁর ব্যক্তিত্ব ও নেতৃত্ব তাদের জন্য কতটা আতঙ্কজনক ছিল।” বিবৃতিতে আরও বলা হয়, “যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, এই জাতি তাদের ছেড়ে দেবে না। ইরান প্রতিশোধ নেবে এবং আইআরজিসি দেশি–বিদেশি যেকোনো ষড়যন্ত্র নির্মূল করতে বদ্ধপরিকর।”
উল্লেখ্য, গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার রাতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেন। আজ সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই শোকাবহ সংবাদটি প্রচার করে। ৮৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। তাঁর প্রয়াণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রবল হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র : আলজাজিরা

আন্তর্জাতিক ডেস্ক 













