অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর থানার চরধলেশ্বরী এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে অপহৃত একাদশ শ্রেণির এক কিশোরকে উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আকাশ (২৪), সঞ্জয় শীল (২০), মো. সিয়াম (২২), মো. ফয়সাল (২৮) এবং মো. বায়েজিদ (২৩)। তারা সবাই নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, অপহৃত কিশোর ঢাকার আজিমপুরের বাসিন্দা। প্রায় এক মাস আগে ‘টেন টেন’ (Ten Ten) নামক একটি ডেটিং অ্যাপে ‘ইনায়া শেখ’ নামের এক তরুণীর আইডির সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে দেখা করার প্রলোভন দেখিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে বন্দর থানার চরধলেশ্বরী এলাকায় ডেকে আনা হয়। সেখানে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে জোরপূর্বক একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়।
অপহরণকারীরা ওই কিশোরকে ব্যাপক মারধর করে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং তার মোবাইল ফোন ব্যবহার করেই পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে পরিবার প্রাথমিকভাবে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা পাঠায় এবং বিষয়টি পুলিশ ও র্যাবকে অবহিত করে।
র্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই আধুনিক প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি 














