চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত পরবর্তী শুনানির দিন ঠিক করেন। প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ জানিয়েছেন, আগামী ৩ মার্চ এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই ঐতিহাসিক মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র–জনতার আন্দোলন দমনে এবং গণহত্যা আড়াল করতে আসামিরা পরিকল্পিতভাবে সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছিলেন, যা আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধের শামিল। ট্রাইব্যুনাল আগামী ৩ মার্চ সাক্ষীদের উপস্থিত নিশ্চিত করার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 

























