শেরপুর জেলা সদরের ব্রহ্মপুত্র সেতু এলাকায় পুলিশের চেকপোস্টের কাছে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইশতিয়াক আহম্মেদ।
এ ঘটনায় আবরার নামে নিহত দেলোয়ারের আরেক শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশের চেকপোস্টে একটি শেরপুরগামী ট্রাককে থামার সংকেত দেয় দায়িত্বরত পুলিশ। ওই সময় পেছনে থাকা দেলোয়ার হোসেনের মোটরসাইকেলটি ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দেলোয়ার ও ইশতিয়াক। দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা। তারা দায়িত্বরত পুলিশ সদস্য ও পুলিশের গাড়িতে হামলা চালায় এবং শেরপুর-জামালপুর সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। অন্যদিকে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, দুর্ঘটনাস্থলটি সীমানা এলাকায় হওয়ায় বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক 














