পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই কিশোরগঞ্জের বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা শহরের বড়বাজার, কাচারিবাজার ও পুরানথানা কাঁচাবাজারসহ বিভিন্ন উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের প্রধান অনুষঙ্গ ছোলা, বেগুন ও লেবু থেকে শুরু করে মুরগি ও গরুর মাংস—প্রায় প্রতিটি পণ্যের দাম গত এক সপ্তাহের ব্যবধানে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ।
বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে যে ছোলা ৬৫ টাকা কেজিতে বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম; ৭০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। লেবুর দাম কেজিতে ৩০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। এছাড়া কাঁচামরিচ ১২০ টাকা এবং শসা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমিষের বাজারেও একই উত্তাপ; ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে ১৮০ টাকা এবং গরুর মাংস কেজি প্রতি ৫০ টাকা বেড়ে ৮০০ টাকায় ঠেকেছে। খেজুরের দাম প্রকারভেদে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সাধারণ ক্রেতারা এই অস্বাভাবিক দাম বৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন। রেবেকা খাতুন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সংসার চালাতে এখন হিমশিম খেতে হচ্ছে, সবকিছুর দাম নাগালের বাইরে।
” কামরুল হোসেন নামে অপর এক ক্রেতা জানান, আয়ের তুলনায় ব্যয়ের এই অসামঞ্জস্যতা জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে কাজ করছে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে রোজার মধ্যে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক 














