আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজছে দেশজুড়ে। এরই মধ্যে রাজধানীর ঢাকা–১৫ আসনে নির্বাচনি গণসংযোগের সময় ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানের যোগ্যতা নিয়ে বড় মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিই হবেন আগামীর রাষ্ট্রপতি। যিনি জনগণের আমানত রক্ষা করতে পারবেন, তেমন মানুষকেই নেতৃত্বে আনা হবে।”
এদিন মাগরিবের নামাজের পর উত্তর ইব্রাহিমপুর ও ব্যাটালিয়ন বউ বাজার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত আমির। কাফরুলের অলিগলিতে গণসংযোগকালে তাঁকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এলাকাবাসীর সঙ্গে আলাপকালে তিনি নাগরিক সেবা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং নিরাপত্তা পরিস্থিতির মতো সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ডা. শফিকুর রহমান বলেন, “দেশ পরিচালনা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটি একটি আমানত। আর এই আমানত যাদের হাতে যাবে, তাদের অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধ ও ইমানদার হতে হবে।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সুশাসন ও ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়নমুক্ত একটি পরিবেশের জন্য অপেক্ষা করছে। জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে কেউ অন্যায়ের শিকার হবে না। রাষ্ট্রপতি কে হবেন—এমন প্রশ্নের জবাবে তিনি হাসিমুখে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সময় এলেই আপনারা যোগ্য মানুষটিকে দেখতে পাবেন।”
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর নায়েবে আমির আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ–সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। পথসভা ও গণসংযোগ শেষে তিনি ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা 













