প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে নিজের সাড়ে তিন বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে শিশু ফারিয়ার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনায় ঘাতক মা সেতু বেগমকে (২৫) আটক করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী রুবেল শেখের স্ত্রী সেতু বেগম তাঁর একমাত্র কন্যাসন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। টিকটকের মাধ্যমে ফরিদপুরের মিরাজ নামের এক যুবকের সঙ্গে সেতুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে বাধা হওয়ায় তিনি নিজের সন্তানকে হত্যার পরিকল্পনা করেন। প্রায় ২০ দিন আগে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ভেতরে থাকা একটি ট্রাংকের মধ্যে লুকিয়ে তালা মেরে পালিয়ে যান তিনি।
নিহতের নানি পারভিন আক্তার জানান, দীর্ঘ সময় মেয়ে ও নাতনির খোঁজ না পেয়ে এবং বাড়ির তালাবদ্ধ অবস্থা দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা অভিযান চালায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেতু বেগম তাঁর সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তালা ভেঙে ট্রাংকের ভেতর থেকে শিশুটির বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে পরকীয়া প্রেমিকের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ 














