আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝোড়ো নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে গোটা বরিশাল এখন উৎসবের নগরী। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন। শহরের প্রতিটি প্রবেশপথ, প্রধান সড়ক এবং অলিগলি এখন ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ডে ছেয়ে গেছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তারেক রহমানকে সরাসরি দেখার ও শোনার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের এই জনসভায় তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এবং জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো বিস্তারিত তুলে ধরবেন। বিশেষ করে বরিশাল বিভাগের ২১টি আসনের ১৯টিতে বিএনপির নিজস্ব প্রার্থী এবং শরিক দলের প্রার্থীদের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করবেন তিনি। স্থানীয়দের প্রত্যাশা, দক্ষিণবঙ্গের অবহেলিত জনপদের উন্নয়ন, নদী ভাঙন রোধ এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে তারেক রহমান বিশেষ কোনো রূপরেখা ঘোষণা করবেন।
বরিশাল বিভাগের এই গুরুত্বপূর্ণ জনসভা শেষ করে দুপুরে হেলিকপ্টারযোগে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানেও বিকেলে রাজেন্দ্র কলেজ মাঠে আরও একটি বিশাল নির্বাচনি জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রচারণার শেষ দিকে এসে তারেক রহমানের এই ঝটিকা সফর তৃণমূলের নেতাকর্মীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।















