সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ায় পূর্বনির্ধারিত ধর্মীয় সভায় বক্তৃতা দেওয়ার সময় হিটলারের প্রশংসা এবং ইহুদি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, গত মঙ্গলবার অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে তিনি দেশটিতে অবস্থান করলেও দ্রুতই তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
মিজানুর রহমান আজহারী তার ‘বিশ্বাসের উত্তরাধিকার’ (Legacy of Faith) সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। তার এই সফরের আওতায় ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় একাধিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল। গত সোমবার ব্রিসবেনে তার প্রথম প্রোগ্রাম অনুষ্ঠিত হলেও পরের অনুষ্ঠানগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আজহারী তার বক্তব্যে অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া তিনি ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং ‘বিষাক্ত কলঙ্ক’ বলে অভিহিত করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এইডসসহ বিশ্বের বিভিন্ন মরণব্যাধি ছড়ানোর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে বলেও তিনি দাবি করেছেন। তার এই ধরনের উসকানিমূলক এবং বিদ্বেষমূলক বক্তব্য অস্ট্রেলিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী বলে মনে করছে দেশটির সরকার।
লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে সিনেটে জানান, আজহারীর আগমন নিয়ে বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী এবং মানবাধিকার সংগঠনগুলো আগে থেকেই সরকারকে সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’ সহ বেশ কিছু সংস্থা অস্ট্রেলিয়ার মন্ত্রীদের কাছে লিখিত অভিযোগ জানায়। তাদের দাবি ছিল, আজহারীর বক্তব্য ঘৃণা ও বৈষম্য ছড়াতে পারে।
অনলাইনে প্রায় ১০ মিলিয়ন অনুসারী থাকা এই বক্তার সফরসূচি অনুযায়ী ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা বাতিলের ফলে এই সফর এখন স্থগিত।
অস্ট্রেলিয়ার কঠোর অভিবাসন আইন অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে তার ভিসা বাতিলের আইনি বিধান রয়েছে। মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
















