বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী দেশ ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। আমদানিকৃত এই জ্বালানি তেলের বিশাল চালানটি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বজায় রাখতে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু করা হয়। দীর্ঘ পাইপলাইন পাড়ি দিয়ে শুক্রবার মধ্যরাতে পুরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোর রিসিভিং ট্যাংকে জমা হয়। বর্তমানে এই আমদানিকৃত ডিজেল উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে।
কাজী মো. রবিউল আলম জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি এখন একটি নিয়মিত ও টেকসই প্রক্রিয়ায় পরিণত হয়েছে। তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে এবং আবহাওয়া ও কারিগরি পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির জন্য পাম্পিং শুরু করার পরিকল্পনা রয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানিতে গতি এসেছে। গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে।
সর্বশেষ এই ৮ হাজার টনের চালানটিসহ চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করল। ২০২১ সাল থেকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি আমদানি করছে বাংলাদেশ সরকার, যা দেশের উত্তরাঞ্চলের জ্বালানি সংকট নিরসনে ও কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিতে বড় ভূমিকা রাখছে।

অনলাইন ডেস্ক 























