সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব । ছবি : সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খানের ঈদুল ফিতরের আলোচিত সিনেমা ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে সিনেমার কালার গ্রেডিং, সাউন্ড এবং ভিএফএক্স নিয়ে নেটিজেনদের একাংশ সমালোচনা করছেন।
এসব সমালোচনার প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৭ মিনিটে এক জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব খান। সেখানে তিনি সিনেমার বিভিন্ন সীমাবদ্ধতা ও কারিগরি ত্রুটি নিয়ে সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেন।
সংবাদ সম্মেলনে শাকিব খান পরিচালক আবু হায়াত মাহমুদের ভূয়সী প্রশংসা করে তাকে একজন ‘অত্যন্ত মেধাবী’ নির্মাতা হিসেবে অভিহিত করেন। সমালোচকদের উদ্দেশ্যে শাকিব বলেন, “হায়াতের ভেতরে অনেক প্রতিভা রয়েছে। এখানে পরিচালক বা আমার কোনো দোষ নেই। কালার, সাউন্ড কিংবা সিজি (CG) সংক্রান্ত যেসব সমস্যার কথা বলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ কারিগরি ত্রুটি—যা পরিচালকের সৃজনশীল কাজের অংশ নয়।”
সুপারস্টার আক্ষেপ করে জানান, ‘প্রিন্স’ সিনেমাটি শুরুতে অনেক বিশাল ক্যানভাসে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত সময়ের অভাবে অনেক বড় সেটের পরিকল্পনা বাদ দিয়ে ছোট পরিসরে কাজ শেষ করতে হয়েছে। শাকিব নিজের ক্যারিয়ারের এক বিরল অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, “এই প্রথম ঈদের আগের দিন পর্যন্ত আমাকে শুটিং করতে হয়েছে। এমনকি একটি গানের শুটিং শেষ করতে হয়েছে মাত্র কয়েক ঘণ্টায়।” তিনি বিশ্বাস করেন, যদি তারা হাতে পর্যাপ্ত সময় পেতেন, তবে ‘প্রিন্স’ দিয়ে বক্স অফিসে রীতিমতো ‘ফাটিয়ে’ দিতেন।
পরিচালক আবু হায়াত মাহমুদের পাশাপাশি শাকিব খান নির্মাতা মেহেদী হাসান হৃদয়কেও বাণিজ্যিক সিনেমার অন্যতম সেরা কারিগর হিসেবে উল্লেখ করেন। হায়াতের কাজের প্রতি অগাধ আস্থা প্রকাশ করে শাকিব জানান, ভবিষ্যতে আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করবেন তিনি। তবে সেক্ষেত্রে বিস্তারিত শুটিং সিডিউল ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করবেন। কারিগরি কিছু ত্রুটি থাকলেও গল্পের প্রয়োজনে দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেন এই শীর্ষ তারকা।

















