সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ফুটবলের মহাযজ্ঞে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
মঙ্গলবার (৩১ মার্চ) ফ্লোরিডার বিখ্যাত ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার ঠিক আগে এই দাপুটে জয় সেলেসাওদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল, যা হেক্সা মিশনের পথে ইতিবাচক সংকেত।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের চিরচেনা ‘জোগো বোনিতো’ বা ছন্দময় ফুটবলের মহড়া দেখা যায়। প্রথমার্ধে বল দখল এবং আক্রমণে একক আধিপত্য বিস্তার করে খেলে দানিলো-ভিনিসিউসরা। যদিও ক্রোয়েশিয়ার জমাট রক্ষণ ভাঙতে কিছুটা সময় লেগেছে তাদের। আক্রমণের ধার বজায় রাখা দলটি কাঙ্ক্ষিত প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+ মিনিট)। দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল ধরে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন অভিজ্ঞ দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাতিন আমেরিকার পরাশক্তিরা।
দ্বিতীয়ান্ধের খেলা শুরু হলে ক্রোয়েশিয়া সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচটি তখন আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ উপভোগ্য হয়ে ওঠে। দীর্ঘ সময় কোনো দলই গোল পাচ্ছিল না, ফলে মনে হচ্ছিল দানিলোর গোলেই হয়তো ম্যাচের ফয়সালা হবে। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ৮৪তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান মিডফিল্ডার লোভরো মাজের। সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রোয়াটদের। ঠিক তিন মিনিট পরেই বক্সের ভেতর ফাউল হলে পেনাল্টি পায় ব্রাজিল। বদলি হিসেবে নামা স্ট্রাইকার ইগর থিয়াগো নিখুঁত শটে গোল নিশ্চিত করে ব্রাজিলকে আবারও লিড এনে দেন (২-১)।
ম্যাচের একদম শেষ মুহূর্তে (ইনজুরি টাইমে) আরও এক গোলের দেখা পায় সেলেসাওরা। কিশোর বিস্ময় এনড্রিকের চমৎকার এক মুভ এবং নিখুঁত পাস থেকে বল পেয়ে গোল করেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। এনড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে তার উজ্জ্বল উপস্থিতি ও অ্যাসিস্ট সবার নজর কেড়েছে। এই জয় আনচেলত্তির জন্য চূড়ান্ত দল নির্বাচনে স্বস্তি এনে দেবে।
আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবেন কার্লো আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে চূড়ান্তভাবে উড়াল দেবে ব্রাজিল দল। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বহুল প্রতিক্ষিত ‘হেক্সা মিশন’ বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযান। আজকের এই জয় নিশ্চিতভাবেই সেই মিশনের পালে হাওয়া লাগাল।

















