সংগৃহীত ছবি
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেও ভাগ্য বদলালো না কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। আইপিএলের ১৯তম আসরের শুরুটা যেন এক দুঃস্বপ্নের মতো কাটছে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটির।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা। ২০১২ সালের পর এই প্রথম আইপিএলের শুরুর দুই ম্যাচেই হারের তেতো স্বাদ পেল কলকাতা। মূলত ইনজুরি জর্জরিত পেস অ্যাটাক এবং ছন্নছাড়া বোলিংই দলটিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক রাহানে। তবে তার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। শুরু থেকেই কলকাতার বোলারদের ওপর চড়াও হন তারা। মাত্র ৪.১ ওভারে দলীয় ফিফটি পূর্ণ করে হায়দরাবাদ।
আউট হওয়ার আগে হেড ২১ বলে ৪৬ এবং অভিষেক ২১ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর হেইনরিখ ক্লাসেনের ৩৫ বলে ৫২ এবং নীতিশ কুমার রেড্ডির ৩৯ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২২৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ইশান কিষাণের হায়দরাবাদ। কলকাতার হয়ে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি ৪ উইকেট নিলেও খরচ করেন ৪১ রান।
২২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝোড়ো গতিতে করেছিল কলকাতা। ফিন অ্যালেনের তাণ্ডবে মাত্র ৩.২ ওভারে ৫০ রান তুলে আইপিএলে নিজেদের দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড গড়ে তারা। তবে সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। অ্যালেন ৭ বলে ২৮ রান করে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে কেকেআরের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক রাহানে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন।
মাঝপথে অংক্রিশ রঘুবংশী ২৯ বলে ৫২ রানের এক লড়াকু ইনিংস খেললেও দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হন তিনি। এরপর রিঙ্কু সিং ৩৫ রান করে চেষ্টা চালালেও অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গী পাননি। শেষ পর্যন্ত ৪ ওভার বাকি থাকতেই মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
হায়দরাবাদের পক্ষে জয়দেব উনাদকাট ৩টি এবং নীতিশ রেড্ডি ও এহসান মালিঙ্গা ২টি করে উইকেট নিয়ে কলকাতার পরাজয় নিশ্চিত করেন। এই হারের ফলে টুর্নামেন্টের শুরুতেই পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে গিয়ে ব্যাপক চাপে রয়েছে কেকেআর।

ক্রীড়া ডেস্ক 





















